আমাদের ভারত, ২৮ আগস্ট:সেপ্টেম্বরের ১৪ তারিখ থেকে ১ অক্টোবর পর্যন্ত সংসদের বাদল অধিবেশন বসতে চলেছে। করোনাকালে এই অধিবেশন ঘিরে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তারই মধ্যে শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, সংসদের অধিবেশনে যোগ দেওয়ার ৭২ ঘন্টা আগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে হবে।
স্পিকার বলেছেন, যে সকল সংসদ অধিবেশনে যোগ দিতে ইচ্ছুক তারা যেন সকলেই করোনাভাইরাসের পরীক্ষা করিয়ে নেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন বাদল অধিবেশনের জন্য সংসদে একাধিক ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। বেশ কিছু প্রয়োজনীয় জিনিস ও সরবরাহ করার কথা আলোচনা চলছে।
COVID-19 has posed a major challenge for the functioning of democratic institutions across the world. We hope that the members will cooperate in the smooth functioning of the (Monsson) session by following COVID-19 related guidelines: Lok Sabha Speaker Om Birla pic.twitter.com/GJhG0Nhxt1
— ANI (@ANI) August 28, 2020
শুক্রবার স্পিকারের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিদ্ধান্ত হয় অধিবেশনে যোগদান করতে ইচ্ছুক সাংসদদের rt-pcr পরীক্ষা করাতে হবে। কারণ মাত্র ২৪-৪৮ ঘন্টার মধ্যে এই পরীক্ষার ফলাফল পাওয়া যায়।
তবে শুধুমাত্র সাংসদরাই নন অধিবেশনে থাকা সকল সরকারি কর্মী ও আধিকারিকদের করোনা পরীক্ষা করাতে হবে। যে সমস্ত সাংবাদিকরা অধিবেশনে খবর সংগ্রহ করতে সংসদে থাকবেন তাদেরও করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।
সংসদের ভেতরে করোনার ভাইরাসের সংক্রমণ আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ১৪ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন চলবে। উভয় কক্ষের অধিবেশনের জন্য চার ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হবে লোকসভার অধিবেশন। দুপুর তিনটে থেকে শুরু হবে রাজ্যসভার অধিবেশন। এবারের অধিবেশন চলবে একটানা। কোন ছুটির দিন থাকবে না। সূত্রের খবর ১১টি অর্ডিন্যান্স নিয়ে আলোচনা হতে পারে এবারের বাদল অধিবেশনে। লাদাখের সীমান্ত উত্তেজনা থেকে শুরু করে করোনাভাইরাসের পরিস্থিতি, তথা দেশের অর্থনীতি, পরিযায়ী শ্রমিকদের ইস্যু নিয়ে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে সংসদ উভয়কক্ষ।

