আমাদের ভারত, ১৪ অক্টোবর: সরকারি টাকায় আর কোরান শিক্ষা দেওয়া যাবে না। রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলি বন্ধের সিদ্ধান্ত নিয়ে ফের সোচ্চার হলেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তার স্পষ্ট যুক্তি সরকারি টাকায় যদি কোরান শিক্ষা দেওয়া হয় তাহলে ভগবত গীতা ও বাইবেলও পড়ানো উচিত। আর সেই জন্যই আমরা ঠিক করেছি সরকারি টাকায় ওইসব ধর্ম শিক্ষা দেওয়া বন্ধ করে দেওয়া হবে।
নভেম্বর মাসেই অসমের সব সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। ওইসব মাদ্রাসাকে সরকারি স্কুলে পরিবর্তিত করে দেওয়া হবে। কোনো কোনো ক্ষেত্রে মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের স্কুলে নিয়োগ করা হবে। এই বিষয়ে খুব তাড়াতাড়ি নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য সরকার।
অন্যদিকে একই সঙ্গে লাভ জিহাদের প্রসঙ্গ টেনে আনেন অসমের এই মন্ত্রী। তার কথায় রাজ্যের বহু মুসলিম যুবক হিন্দু নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলছে। তারপর সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই হিন্দু মেয়েদের মিথ্যার জালে ফাঁসিয়ে সম্পর্ক তৈরি করে বিয়ে করছে। তিনি বলেন ওইসব বিয়ে বৈধ নয় বরং তা এক ধরনের ঠকবাজি।
প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে বর্তমানে ৬১৪টি সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা রয়েছে। এদের মধ্যে ৫৭টি মেয়েদের ও তিনটি ছেলে দের , বাকি সবগুলো কোয়েড। অসমে সরকারি অনুদানে চলা এই মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছেন হিমন্ত বিশ্বশর্মা।

