আমাদের ভারত, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় অসংখ্য কর্মসূচি গ্রহণ করা হয়। মাধ্যমিক পরীক্ষা চলার দরুণ বড় কর্মসূচি নিতে না পারায় জেলায় জেলায় ছোট ছোট কর্মসূচি নেওয়া হয়।
সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কল্পনা দত্ত এই প্রতিবেদককে জানান, “রাজ্য সরকারের ‘দুয়ারে মদ’ প্রকল্প যা নারীর জীবনে চরম সংকট নিয়ে আসবে তার বিরুদ্ধে আবগারী দফতরে ডেপুটেশন, থানা ডেপুটেশন হয় অন্তত পঞ্চাশটি জায়গায়। নারীর সমানাধিকার সমমর্যাদা ও সম কাজে সমমজুরীর দাবীতে নারীরা সোচ্চার হন। বিভিন্ন জায়গায় আলোচনা সভা করে নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। নারী নির্যাতন ও কর্মস্থলে যৌন হেনস্থার প্রতিবাদে,নারীর সমানাধিকার,সম কাজে সমমজুরীর দাবীতে আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করা হয়।“

