অবসরের আগেই সব শেষ! পুরুলিয়ার ছড়রায় একাদশ বলের আধিকারিকের দেহ উদ্ধার

সাথী দাস, পুরুলিয়া, ৯ ডিসেম্বর: অবসরের আগেই নিস্প্রাণ হয়ে গেলেন একাদশ বলের এক আধিকারিক। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফফস্বল থানার ছড়রা এলাকায়।

মৃত পুলিশের নাম বাণীনাথ মুখার্জি (৫৯)। শনিবার ভোরবেলা ছড়রা এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর দেহ। তিনি ছড়রা ইলেভেন এসিপি ব্যাটালিয়ান হেডকোয়ার্টাসে কর্মরত ছিলেন। কাজের জন্য, ইলেভেন ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারে থাকার সুবাদে ছড়রা গ্রামে স্ত্রীকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন বেশ কয়েক বছর ধরে। স্থানীয়ভাবে সকালে নির্দিষ্ট সময়ে না ওঠায় তাঁর স্ত্রী ডাকতে যান। এরপর ঘরের দরজা ভেঙ্গে দেখেন, বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে পুলিশ আধিকারিকের দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুরুলিয়া মফঃস্বল থানার পুলিশ। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিকের বাড়ি বাঁকুড়া শহরের লালবাজার এলাকায়। সম্প্রতি পরিবার ছাড়া অন্য কারোর সঙ্গেই বিশেষভাবে মেলামেশা করতেন না তিনি। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি। তবে এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়। আগামী বছরের নভেম্বর মাসে তাঁর চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল। আর তার আগেই তাঁর অস্বাভাবিক মৃত্যু হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *