বীরভূমে পঞ্চায়েতে মনোনয়নপত্র জমা দিল সারা ভারত আর্য মহাসভা

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৪ জুন : নতুন দল গড়ে পঞ্চায়েতে ২৫ আসনে প্রার্থী দিল সারা ভারত আর্য মহাসভা। বুধবার বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা দেন আর্য মহাসভার প্রার্থীরা। উপস্থিত ছিলেন মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী।

প্রসঙ্গত, এক দশক ধরে তৃণমূলের নলহাটি ২ নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি ছিলেন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বিভাস চন্দ্র অধিকারী। ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত বিভাসবাবু গ্রামে বিশাল মন্দির নির্মাণ করেছেন। বাংলাদেশের হিমাইতপুর গ্রামে অনুকূল চন্দ্র ঠাকুরের জন্মভিটের আদলে মন্দির গড়ে গ্রামের নাম বদলে দিয়েছেন। বর্তমানে কৃষ্ণপুর গ্রাম নব-হিমাইতপুর গ্রাম নামে চেনেন অনেক। রাজনীতির থেকে ধর্মেকর্মে মন দেওয়া বিভাসবাবু বেশ কিছুদিন ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব রেখে চলছিলেন। এরই মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এবং ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এরপরেই তিনি নতুন দল গড়ার সিদ্ধান্ত নেন। নাম দেন সারা ভারত আর্য মহাসভা।

মাস দুয়েক আগে নিজের আশ্রমে নতুন দলের আনুষ্ঠানিক সূচনা করেন। সেই দিনই জানিয়ে দেন, নতুন দল লড়বে পঞ্চায়েতে। সেই মতো এদিন ২৫ জন মনোনয়নপত্র জমা দিলেন। আগামীকাল আরও কয়েকজন মনোনয়নপত্র জমা দেবে বলে জানান তিনি। বিভাসবাবু বলে, “এখনকার নেতারা বলেন ধর্মনিরপেক্ষ তারা। কিন্তু মনে রাখবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা শপথ নেওয়ার সময় ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ নেন। আমাদের লক্ষ্য আর্য সমাজ গড়া। সেই লক্ষ্যে এগিয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *