আমাদের ভারত, ২১ অক্টোবর: করুণাময়ী কাণ্ডে রাজ্যের নীতিকে ধিক্কার ও পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা করল সারা বাংলা সেভ এডুকেশন কমিটি।
শুক্রবার সংগঠনের সভাপতি চন্দ্রশেখর চক্রবর্তী এবং সম্পাদক তরুণকান্তি নস্কর এই প্রতিবেদককে জানান, “গতকাল টেট উত্তীর্ণ শিক্ষকপদ প্রার্থী তাজা যুবক-যুবতী যাঁরা রাজ্য সরকারের শিক্ষক নিয়োগে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে মাসের পর মাস লড়াই করছিলেন এবং অবশেষে সল্টলেকের করুণাময়ীতে অনশন করছিলেন তাদের যেভাবে রাজ্য সরকারের পুলিশ চরম নির্যাতন করল তার নজির এরাজ্যে শিক্ষক আন্দোলনে খুঁজে পাওয়া দুষ্কর।

তাঁদের আন্দোলনের জন্য আইন-শৃঙ্খলার কোনো অবনতি হয়েছে বলে জানা নেই, অথচ তাঁদের এই লাঞ্চনার শিকার হতে হল। কেন রাজ্য সরকার আইনবিরুদ্ধ পদ্ধতিতে নিয়োজিত শিক্ষকদের খুঁজে বের করে বরখাস্ত করবে না এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে না তা আমাদের বোধগম্য নয়।
আমরা রাজ্য সরকারের এই সামগ্রিক নীতিকে ধিক্কার জানাই, গতকালের পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা করি এবং অবিলম্বে মেধাতালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগের দাবি করছি।”

