চিট ফান্ডের ক্ষতিগ্রস্ত মানুষের টাকা ফেরতের দাবিতে আগামী সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৩০ এপ্রিল: ক্ষতিগ্রস্ত মানুষের টাকা ফেরতের দাবিতে মে মাসের প্রথম সপ্তাহে সেবি সহ, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সহ জেলায় জেলায় স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি নিয়েছে অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

শনিবার সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী এই প্রতিবেদককে এ কথা জানান। তিনি বলেন, “অশুভ চক্র নিত্য নতুন কৌশলে জনগণের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুঠছে। সম্প্রতি লীজা ও সুরানা গোষ্ঠীর মতো বহু এই ধরনের প্রতারণা গোষ্ঠী এ রাজ্য সহ সারা দেশে জনগনকে প্রতারিত করে চলেছে। উভয় সরকারের পুলিশ ও প্রশাসন এবং সেবি, ইওডব্লু সহ নানা সংস্থার সর্বোচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের একাংশ নিশ্চিতভাবে এই লুঠের সাথে যুক্ত।

আমাদের সংগঠন একাধিক বার উভয় সরকারকে জানানো সত্বেও কোনো পদক্ষেপ নেননি। লাখ লাখ মানুষ নতুন করে প্রতারিত হলেন। উভয় সরকার তাদের প্রতিশ্রুতি পালন করুন। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও জনগণের টাকা ফেরতের দায়িত্ব অবিলম্বে ঘোষণা করুন।

শুক্রবার কলকাতা হাইকোর্ট এক নির্দেশে বলেছেন সারদা চিট ফান্ড কোম্পানির অধিগ্রহণ করা সম্পত্তি সহ নানা জায়গায় যত টাকা রয়েছে সেগুলো একত্রিত করে, সেবি দ্রুত আমানতকারীদের মধ্যে যত দ্রুত সম্ভব বিলি শুরু করবেন। এখানে উল্লেখ্য, এ্যালকেমিষ্ট সহ একাধিক কোম্পানি হাইকোর্টের নির্দেশ মান্যতা দিয়েও হাইকোর্ট ও জনগনকে প্রতারিত করেছে। হাইকোর্টের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি।

আমাদের সংগঠন ২০১৫ থেকে আন্দোলন করে যাচ্ছে। কেলেঙ্কারীর ব্যাপকতা বিশাল আর্থিক অঙ্ক সরকারের দায়িত্ব পালন ছাড়া, এই সমস্যা সমাধান সম্ভব নয়। ২০১৯ সালে প্রধানমন্ত্রী, অর্থ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ২০২০ সালে মধ্যে অবশ্যই সমস্যার সমাধান করবেন। শুধু সারদা কোম্পানি নয়, সমস্ত কোম্পানির (আনুমানিক ৩৫৬ বড় ও ছোট সংস্থা) ক্ষতিগ্রস্ত মানুষের টাকা ফেরতের আশ্বাস দিয়েছিলেন। আজ ২ বছরের বেশী সময় অতিক্রান্ত, সমস্যা যে তিমিরে সেই তিমিরে। লাখ লাখ মানুষ মৃত্যুর দিন গুনছেন। আমাদের সংগঠন উভয় সরকারকে অনতিবিলম্বে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহনের আবেদন করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *