আমাদের ভারত, কলকাতা, ১৩ জুলাই: অবিলম্বে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি মতো চিটফান্ড কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করতে হবে। বুধবার ফের এই দাবি জানাল অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
কলকাতা প্রেস ক্লাবে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, দাবি আদায়ের জন্য আগামী ২৬ জুলাই কলকাতার রানী রাসমণি এ্যাভিনিউয়ে বেলা ১ টায় বড় সমাবেশ করা হবে। এ রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সেবি, সিবিআই দফতরে, এবং জুলাই মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।
সংগঠনে সভাপতি রূপম চৌধুরী এ কথা জানিয়ে এদিন বলেন, পরবর্তীতে আগষ্ট মাসে জেলায় জেলায় অবস্থান, সেপ্টেম্বর মাসে কলকাতায় ও দিল্লিতে লাগাতার ধর্না কর্মসূচি নেওয়া হয়েছে। এ দিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফে ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কার্তিক রায় ও জায়েদ হোসেন প্রমুখ।

