বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন অলকা সেন মজুমদার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ মার্চ: বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন অলকা সেন মজুমদার। আজ এক বর্ণময় অনুষ্ঠানে অলকাদেবী ছাড়াও উপ পৌরপ্রধান হিসাবে হিরন্ময় চট্টরাজ এবং পৌরসভার নবনির্বাচিত আরো ও ২২ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত তাদের শপথ বাক্য পাঠ করান। বাঁকুড়া পৌরসভার ২৪ টি আসনের মধ্যে তৃনমূল একক ভাবেই ২১টি আসনে জয়ী হয়। বাকি তিনটি আসনে বিক্ষুব্ধ তিন তৃণমূল কাউন্সিলর নির্দল প্রতীকে তৃণমূলের প্রার্থীদের হারিয়ে জয়ী হন।আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই তিন বিদ্রোহী কাউন্সিলরও শপথ নেন। এদিনের অনুষ্ঠানে তৃণমূলের জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র সহ তৃণমূলের জেলা নেতারা উপস্থিত ছিলেন।

গোষ্ঠী দ্বন্দ্ব ও কোনপ্রকার অবাঞ্ছিত কান্ড এড়াতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আগাম চেয়ারম্যান মনোনীত করে দেন এবং সেই সিদ্ধান্ত মুখবন্ধ খামে জেলা সভাপতির কাছে পাঠিয়ে দেন। শীর্ষ নেতৃত্ব গোপনীয়তা বজায় রাখতে মুখবন্ধ খামে সিদ্ধান্ত জানালেও তা আর গোপন থাকেনি। কয়েকদিন আগেই বাঁকুড়া পুরসভার পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন অলকাদেবী তা রাজ্যবাসী জেনে ফেলেন।

শপথ নেওয়ার পর অলকাদেবী বলেন, বাঁকুড়া পুরসভায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, সে ব্যপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন, সেই সঙ্গে শহরের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি চেষ্টা চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *