সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৭ মার্চ: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মনোনীত হলেন বর্তমান পৌর প্রশাসক অলকা সেন মজুমদার। ইতিপূর্বে তিনি উপ পৌরপ্রধানের পদও সামলেছেন। সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে ২৪ আসনের বাঁকুড়া পৌরসভার ২১টি আসন দখল করার পরই বাঁকুড়া জেলার শ্রমিক নেত্রী তথা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র জেলা সভানেত্রী অলকা দেবীর নাম পৌরপ্রধান হিসাবে উঠে আসে। প্রাক্তন পৌরপ্রধান শম্পা দরিপা এই পদের অন্যতম দাবিদার ছিলেন।
গত ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে শম্পাদেবী কংগ্রেসে যোগদেন এবং বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে বাঁকুড়া সদর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিনতি মিশ্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেন এবং বিধায়ক নির্বাচিত হন। এর কিছুদিন পরেই তিনি কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে ফিরে আসেন। যেহেতু পৌরপ্রধান থাকাকালীন শম্পা দেবী শহরে উন্নয়নের ছাপ রেখেছিলেন এবং দক্ষ প্রশাসক হিসাবে সুনাম অর্জন করেছিলেন সেই কারণে পৌরপ্রধানের দৌড়ে কিছুটা এগিয়ে ছিলেন। কিন্তু গত তিনদিন আগেই সোশ্যাল মিডিয়া মারফত খবর চাউর হয় পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন অলকা সেন মজুমদার।এই খবর নিয়ে সারা বাঁকুড়া শহরজুড়ে জোর জল্পনা শুরু হয়। অবশেষে গতকাল সন্ধ্যায় তৃণমূলের পক্ষ থেকে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসাবে অলকা সেন মজুমদারের নাম ঘোষণা করা হয়। ভাইস চেয়ারম্যান মনোনীত হন হিরণ চট্টরাজ।

