আমাদের ভারত, ১১ ডিসেম্বর: শুক্রবারেই দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বিপিন রাওয়াতের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী। বুধবার বিকেলে তাঁর প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় বহু পোস্ট হয়েছিল। বেশিরভাগ পোস্ট ছিল রাওয়াতকে শ্রদ্ধা নিবেদন করে। কিন্তু বেশ কিছু পোস্টে রাওয়াতের মৃত্যু নিয়ে মজা করা হয়েছে। আর সেটা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষই করেছে বলে অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদেই ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন কেরলের জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক আলি আকবর।
এই ঘটনার পর পরিচালক জানিয়েছেন তাঁর নিজের ধর্মের প্রতি বিশ্বাস উঠে গিয়েছে। সেই কারণেই সস্ত্রীক হিন্দু ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। হেলিকপ্টার দুর্ঘটনায় দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছিলেন পরিচালক আলি আকবর। সেই পোস্টের নিচে অদ্ভুত ভাবে অনেকেই মজা স্মাইলি দিয়েছেন। পরিচালকের অভিযোগ একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষই দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে। আর এটাকেই তিনি মেনে নিতে পারছেন না।
এরপরে একটি ভিডিও বার্তায় প্রতিবাদ করে তিনি জানিয়ে দেন, নিজের ধর্মের প্রতি বিশ্বাস হারিয়েছেন তিনি। তাঁর স্ত্রী লাকিআম্মা ও তিনি হিন্দু হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আলি আকবর পরিষ্কার জানিয়েছেন, যারা এই ধরনের সংবেদনশীল বিষয়ে মজা পান তারা আসলে দেশদ্রোহী। একটি ভিডিওতে পরিচালক বলেন, “জন্ম থেকে আমি যে পরিচয় পেয়েছিলাম আমি তা ত্যাগ করছি। এখন থেকে আমি আর মুসলিম নই। আমি প্রথমে একজন ভারতীয়। যারা ভারতের ক্ষতিতে মজা পায়, তাদের জন্য এটা আমার উত্তর।”
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, তাঁর নতুন নাম হবে রামাসিমা। তার কথায় রামাসিমা এমন একজন ব্যক্তি যিনি নিজের সংস্কৃতিকে বাঁচাতে মৃত্যুবরণ করেছিলেন।
বিপিন রাওয়াতকে নিয়ে আপত্তিকর প্রতিক্রিয়ার কারণে আলি আকবর ইতিমধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন। কেরালার বিশিষ্ট পরিচালক জানিয়েছেন কোনো ধর্মগুরু তাকে প্রতিবাদ জানাতে, ধর্ম পরিবর্তনের পরামর্শ দেননি। এটা একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি ও তাঁর স্ত্রী হিন্দু ধর্ম গ্রহণ করলেও, নিজের দুই মেয়েকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেবেন না, তাঁরা নিজের ইচ্ছেমতো ধর্ম বেছে নেবেন।

