আমাদের ভারত, ৮ জুন: দিল্লি, মুম্বাই, উত্তরপ্রদেশ, গুজরাটে আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা। একটি উড়ো চিঠি দিয়ে জঙ্গি সংগঠনের তরফে বলা হয়েছে নবীর সম্মান রক্ষায় হামলা চালানো হবে ভারতের একাধিক শহরে। আত্মঘাতী হামলা হবে বলে জানিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল কায়েদা।
৬ জুন আল কায়েদা হুমকির চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, “যারা আমাদের নবীকে অপমান করে, তাদের আমরা শেষ করে দেবো। আমাদের মহিলা ও সন্তানদের দেহে বিস্ফোরক বেঁধে পাঠিয়ে দেবো ওদের উড়িয়ে দেওয়ার জন্য। দিল্লি, মুম্বাই, উত্তরপ্রদেশ, গুজরাটের যে গেরুয়া সন্ত্রাসবাদীরা রয়েছে তারা নিজেদের শেষ সময়ের জন্য অপেক্ষা করুন।”
নবীকে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে এই হুঁশিয়ারি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে জ্ঞানবাপী মসজিদের প্রসঙ্গে আলোচনায় অংশগ্রহণ করে নবীকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেত্রী। যদিও নুপুরের দাবি, মহাদেব শিবকে নিয়ে খারাপ মন্তব্যের প্রেক্ষিতে তিনি এই কথা বলে ফেলেন। এরপরেই বিতর্ক তুঙ্গে ওঠে। একাধিক ইসলামিক দেশ সেই মন্তব্যের সমালোচনা করে। নুপুর নিঃশর্ত ক্ষমা চান। কিন্তু তার পরও তার কাছে খুনের হুমকি আসে বলে অভিযোগ। এবার জঙ্গি সংগঠন আল-কায়েদার তরফেও হুঁশিয়ারি দেওয়া হল।

