স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ আগস্ট: সারা দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। আর এই উৎসবের জোয়ারে গা ভাসিয়ে নদিয়া জেলার ধুবুলিয়া ভয়েস পাবলিক স্কুল পরিচালিত আল হাবিব মিশনারি স্কুলে ১৫ এবং ১৬ আগস্ট মহাসমারোহে উদযাপন করা হল ৭৫ তম স্বাধীনতা দিবস। কুচকাওয়াজ ও প্রভাত ফেরির মধ্য দিয়ে ধুবুলিয়া নেতাজি পার্কের নেতাজি মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত কর্ণধার মীর আফিকুল আলম, কৃষ্ণনগর বিজয়লাল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক পিন্টু ভট্টাচার্য এবং সাহিত্যিক চৈতন্য দাস। ১৫ আগস্ট অঙ্কন, আবৃত্তি, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজনে ছাত্রদের উৎসাহিত করা হয়।

পাশাপাশি ঐ দিন সন্ধ্যায় শিক্ষক সৌরভ মন্ডল নির্দেশিত সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ছোটগল্প অবলম্বনে “ভারতবর্ষ” নাটক এবং ধুবুলিয়া নৃত্যাঞ্জলি কলা কেন্দ্র নৃত্যনাট্য পরিবেশন করে। পরদিন ১৬ আগস্ট ছাত্রদের দেশাত্মবোধক সঙ্গীত এবং বাচিকশিল্পী তাপসী সিংহের আবৃত্তি- আলেখ্যয় সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে। সর্বশেষে নদিয়া জেলা তথ্য সংস্কৃতি দপ্তর পরিবেশিত হারিয়ে যাওয়া পুতুল নাচের অনুষ্ঠান ছাত্রদের মনোরঞ্জন করে।

