কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৫ মে: বুধবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে ফেডারেশনের সামনে। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে তৃণমূলের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি সহ জেলার ১৩ জন নব নির্বাচিত বিধায়ক ও খড়্গপুর সদরের ও ঘাটালের পরাজিত তৃণমূলের দুই প্রার্থী। তিনি মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন।
এরপর সাংবাদিকদের অজিত মাইতি জানান, মানুষ বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির জবাব দিয়েছেন। আর নতুন করে জেলায় কোনও সন্ত্রাস সৃষ্টি করতে চাইলে এর ফল ভয়ানক হবে। এর পাশাপাশি তিনি বলেন, দলের কর্মীদের তাঁরা সংযত থাকতে বলেছেন। পুলিশ প্রশাসনকে বলেছেন আইন শৃঙ্খলা কঠোর ভাবে রক্ষা করতে। জেলায় কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তিনি পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য তিনি পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি মানুষকে দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তিনি বলেন, মানুষ সাম্প্রদায়িক শক্তিকে প্রত্যাখ্যান করে শান্তি ও উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন।তাই মানুষকে পাশে নিয়ে দলের নির্বাচিত বিধায়করা উন্নয়নের কাজ করবেন।
করোনা পরিস্থিতি নিয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহার করার, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানান।

