৪ঠা ফেব্রুয়ারি কেশপুরের আনন্দপুরে অভিষেকের সভার প্রস্তুতি বৈঠকে অজিত মাইতি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: পঞ্চায়েত ভোটের আগে কেশপুর তথা পশ্চিম মেদিনীপুর জেলায় সভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর কেশপুর শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার শিরোনামে এসেছে। নেতা থেকে মন্ত্রী সকলেই মান ভাঙাতে আসরে নামলেও কোনো লাভ হয়নি। পাশাপাশি ২০২১-এর বিধানসভা নির্বাচনে কেশপুর থেকে আশানুরুপ ভোট পায়নি শাসক দলের প্রার্থী। কেশপুরের আনন্দপুর স্কুল মাঠে ৪ ঠা ফেব্রুয়ারি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সভার আগেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বিজেপি বিধায়ক হীরনের তৃণমূলে যোগদান নিয়ে বারবার খবরের শিরোনামে এসেছে।

যদিও হীরনের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন মেদিনীপুর এবং ঘাটাল দুই সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতি। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে দলের দরজা খুলে দিলে হীরন থেকে শুরু করে অনেক বড় বড় বিজেপির নেতা-মন্ত্রী থেকে বিধায়ক তৃণমূলে যোগদান করবেন। এদিন আনন্দপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের প্রস্তুতি বৈঠক থেকে কার্যত কেশপুরের দলের নেতৃত্বদের ১ লক্ষ লোকের জমায়েতের টার্গেট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *