শিশুদের শ্বাসনালীর উপর্যুপরি অসুখের মূল কারণ দূষণ

আমাদের ভারত, ৩ নভেম্বর: শুধুমাত্র দূষণের কারণে কলকাতা, দিল্লি সহ বেশিরভাগ শহর মফঃস্বলের অর্ধেকের বেশি শিশু (৫২.৮ শতাংশ) সর্দিকাশি, হাঁপানির মত শ্বাসনালীর উপর্যুপরি অসুখে ভুগছে। এর থেকে বাড়ছে হাঁপানি, অ্যাজমার প্রকোপ। বিশেষ করে শীতের শুরুতে বায়ু দূষণের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়।

৩-৫ নভেম্বর শিশুরোগ বিশেষজ্ঞদের ৩৫ তম বার্ষিক সম্মেলন ‘রেসপিকন ২০২৩ আরপিএম, এসপিএম-এ’ এই ব্যাপারে সচেতন হবার ডাক দিলেন দেশের নানান প্রান্তের শিশুরোগ বিশেষজ্ঞরা। শুক্রবার এ বিষয়ে তাঁরা কলকাতার একটি পাঁচতারা হোটেলে একটি সাংবাদিক সম্মেলন করেন। ইন্ডিয়ান অ্যাকাডেমিক অফ পেডিয়াট্রিক্স-এর রেসপিরেটরি চ্যাপ্টার আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের সাতশো জনেরও বেশি শিশুরোগ বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।

এক সমীক্ষায় জানাগেছে যে, কলকাতার বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাই অক্সাইডের মত ক্ষতিকর গ্যাসের পাশাপাশি আরপিএম, এসপিএম অর্থাৎ রেসপিরেবল পার্টিক্যুলেট ম্যাটার ও সাসপেন্ডেড পার্টিক্যুলেট ম্যাটারের মত বাতাসে ভাসমান কণার পরিমাণ এতোটাই বেশি যে শিশুদের সংবেদনশীল শ্বাসনালীর প্রদাহের ঝুঁকি খুব বেড়ে যায়। এর ফলেই বাচ্চাদের মধ্যে শ্বাসনালীর ও ফুসফুসের অসুখের ঝুঁকি ক্রমশ বেড়ে যাচ্ছে।

ডা: পল্লব চট্টোপাধ্যায় জানালেন, গবেষণায় প্রমাণিত যে নাইট্রোজেন ডাইঅক্সাইড শ্বাসনালীর প্রদাহের পাশাপাশি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। ৫ বছরের কম বয়সী বাচ্চাদের শ্বাসকষ্টজনিত মৃত্যুর জন্য দায়ী নাইট্রোজেন ডাইঅক্সাইড।

ডা: চট্টোপাধ্যায়, ডা: অরুণ মাঙ্গলিক, ডা: শুভাশিস রায়, ডা: গৌতম ঘোষ এবং ডা: শান্তনু ভক্ত সকলেই এই ব্যাপারে একমত যে বাচ্চাদের শ্বাসনালীর ও ফুসফুসের অসুখের সঙ্গে যুঝতে একদিকে যেমন মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা ব্যবস্থার সাহায্যে নিতে হবে, তেমনই পরিবেশবিদ ও রাষ্ট্রপ্রধানদের দূষণ নিয়ন্ত্রণের ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের এক সাম্প্রতিক সমীক্ষায় জানাগেছে যে, কলকাতা ও দিল্লির প্রায় ৫২.৮ শতাংশ শিশু বায়ু দূষণের কারণে ফুসফুসের অসুখের পাশাপাশি ‘অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভিটি ডিসঅর্ডার’ নামক মনের সমস্যায় ভুগছে।

সম্প্রতি বৈশ্বিক বাতাসের মান সম্পর্কিত এক সমীক্ষায় জানাগেছে যে, নির্ধারিত সময়ের আগে শিশুর জন্ম এবং স্বাভাবিকের থেকে কম ওজনের বাচ্চার জন্মের এক অন্যতম কারণ বায়ু দূষণ। দূষণের কারণে শিশুদের ৫৩% নাক, কান, গলার সমস্যায় কষ্ট পায়, ৪৬% অ্যালার্জি ও ত্বকের সমস্যায় ভোগে, ৫৪% শিশুর হাঁপানির হয়, ২ শতাংশ বাচ্চার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি থাকে। এই বিষয়টি নিয়ে সকলের সচেতন হবার সময় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *