আমাদের ভারত, কলকাতা, ৭ ফেব্রুয়ারি: ৯টি দাবিতে আগামী ১৪ ফেব্রুয়ারি সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)। তারই পরিপূরক হিসাবে মঙ্গলবার জেলায় জেলায় তাদের বিক্ষোভ কর্মসূচি পালিত হল।
এ দিন কলকাতার ওয়েলিংটন স্কোয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল যায় কলেজ স্ট্রিট মোড়ে। কিছু সময়ের জন্য সেখানে অবস্থান কর্মসূচি করে বক্তব্য রাখেন, সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রুনা পুরকাইত এবং কলকাতা জেলা সম্পাদক অনন্যা নাইয়া।
দেশজুড়ে নারী নির্যাতন, খুন, ধর্ষণ বন্ধের দাবিতে, নারী ও শিশু নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়ার দাবিতে, গণমাধ্যমে অশ্লীলতার প্রচার ও পর্নোগ্রাফি বন্ধের দাবিতে, মদ ও মাদক দ্রব্য নিষিদ্ধ করার দাবিতে, শিক্ষা স্বাস্থ্যের বেসরকারিকরণের বিরুদ্ধে, আশা অঙ্গনওয়াড়ি আইসিডিএস প্রভৃতি স্কিমের কর্মীদের মাসিক বেতন অন্ততপক্ষে ২৫,০০০ টাকা করার দাবি সহ মোট ৯টি দাবিতে এআইএমএসএস-এর এই অভিযান।

