আমাদের ভারত, ৫ সেপ্টেম্বর: মূল্য কমিশনের বৈঠকে পাটের দাম কুইন্টাল প্রতি ১৩,০০০ টাকা দাবি করল অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠন (এআইকেকেএমএস)। মঙ্গলবার কলকাতার টলি ক্লাবে জেসিআই- এর আয়োজনে ২০২৪-২৫ সালে পাটের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নির্ধারণের বৈঠক হয়।
বৈঠকে মূল্য নির্ধারণ কমিশনের (সিএপিসি) চেয়ারম্যান, ডাইরেক্টর, সচিব সহ কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট অফিসাররা, পাট উৎপাদনকারী রাজ্যগুলির সরকারি প্রতিনিধিগণ ও কয়েকটি কৃষক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজদুর সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্পাদক গোপাল বিশ্বাস পাটের এমএসপি সংক্রান্ত বিষয়ে কুইন্টাল প্রতি পাটের উৎপাদন খরচের পূর্ণাঙ্গ হিসাব দিয়ে সংগঠনের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, এক কুইন্টাল পাটের উৎপাদন খরচ কম বেশি ৯০০০ টাকা। ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ মানলে কুইন্টাল প্রতি পাটের এমএসপি কমপক্ষে ১৩০০০ হাজার টাকা হওয়া উচিত।
একর প্রতি উৎপাদন খরচের তালিকা ও একরপ্রতি পাট উৎপাদনের সুনির্দিষ্ট হিসাব কমিশনের কাছে পেশ করা হয়। কমিশনের চেয়ারম্যান সহ বৈঠকে অংশগ্রহণকারী কেউই এর প্রতিবাদ করেননি। গোপাল বিশ্বাসের সাথে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্বপন দেবনাথ ও দাউদ গাজী।
গোপালবাবু বলেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি সহ অন্যান্য রাজ্য সরকারের প্রতিনিধি কেউই কুইন্টালপ্রতি পাটের এমএসপি ৬৫০০ টাকার বেশি বলেনি, যা উৎপাদন খরচের চেয়ে ২৫০০ হাজার টাকা কম।
অন্যান্য কৃষক সংগঠনের প্রতিনিধিরা এমএসপির কথা যা বলেছেন তাও উৎপাদন খরচ হচ্ছে অনেক কম। এই অবস্থায় পাট চাষিদের নিজস্ব হাতিয়ার, আন্দোলনের কমিটিগুলি গঠন করে তীব্র আন্দোলনে যাওয়া ছাড়া তাদের বাঁচবার আর উপায় নেই।

