জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ জুলাই: ২৬ জুলাই এআইডিএসও’র পক্ষ থেকে গোটা রাজ্যজুড়ে প্রতীকি অবরোধের ডাক দেওয়া হয়েছিল। দাবি ছিল করোনা অতিমারীর সময়ে শিক্ষার সর্বস্তরে ফি মকুব করতে হবে, সমস্ত ছাত্রদের টিকাকরণ করে স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু করতে হবে এবং পরিবহনে ছাত্রদের কনসেশন দিতে হবে। এই দাবিগুলোর ভিত্তিতে গোটা রাজ্যজুড়ে জেলায় জেলায় ছাত্ররা কর্মসূচি পালন করে। ডিএসও’র অভিযোগ, “পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন ছাত্রদের ওপর নির্মম লাঠি চালায় এবং অনেক ছাত্র কর্মীদের গ্রেফতার করে।

এর মধ্যে বাঁকুড়া শহরে ১১ জন ছাত্রকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে পুলিশ। বাঁকুড়া শহরের ২৫ জন উকিল তাদের জামিনের জন্য আবেদন জানালেও প্রশাসন নির্বিকার এবং এখনও গ্ৰেপ্তার করে রাখা আন্দোলনকারী ছাত্রদের। তাদের এখনও জামিন দেওয়া হয়নি, এমনকি তাদের প্রয়োজনীয় ওষুধ, জামাকাপড়ও দিতে দেয়নি পুলিশ প্রশাসন”। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং আন্দোলনকারী ডিএসও কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর
জেলাজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। মেদিনীপুর শহরের রাজাবাজার, কালেক্টরেট, জর্জকোট, অশোকনগর, জল ট্যাঙ্কি সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদী পথসভা করে বাম ছাত্র সংগঠনটি।

