কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে এআইডিএসও

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ আগস্ট:
গত ২৯ জুলাই “জাতীয় শিক্ষানীতি ২০২০” আইন পাস করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আপাতত দেশের প্রায় সমস্ত রাজ্য সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই আইন মেনে নিলেও ছাত্র সংগঠন এআইডিএসও এর তীব্র বিরোধিতা করে আন্দোলনের পথে নেমেছে। সংগঠনের সর্বভারতীয় কমিটির ডাকে ২-৮ আগস্ট পর্যন্ত সারা ভারতজুড়ে প্রতিবাদ সপ্তাহ পালনের কর্মসূচি গ্রহণ করেছে।করোনা পরিস্থিতির কারণে সোশ্যাল মিডিয়ার সাথে সাথে শারীরিক দূরত্ব বজায় রেখে ও উপযুক্ত সুরক্ষা নিয়ে পথে নেমে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর, খড়গপুর, বেলদা সহ জেলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালিত হয়। জেলা শহরের এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি কমরেড বিশ্বরঞ্জন গিরি। রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় এবং ডিএম গেটের সামনে এসে সংক্ষিপ্ত সময়ের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি বলেন, “আমরা মনে করি জাতীয় শিক্ষানীতি ২০২০ আইন পাসের মধ্যে দিয়ে সরকার আসলে শিক্ষাকে সম্পূর্ণ বেসরকারি এবং গৈরিকীকরণ করতে চাইছে। এই শিক্ষা নীতি প্রণয়ণের মাধ্যমে সরকার ‘ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, অবৈতনিক, বিজ্ঞান ভিত্তিক সার্বজনীন শিক্ষার ধারণাকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করতে চাইছে।” ছাত্র স্বার্থ বিরোধী এই নীতির প্রতিবাদে দেশজুড়ে শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *