আমাদের ভারত, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করে তুলতে কলকাতার প্রযুক্তি সংস্থা এস আর এম অরনিক এ আই টেক প্রাইভেট লিমিটেড নিয়ে এসেছে চিকিৎসক ও ক্লিনিকের জন্য তিনটি আলাদা এ আই চালিত অ্যাপ্লিকেশন ও পরিষেবা। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার সি ই ও ডক্টর শতরূপা মন্ডল ও কো ফাউন্ডার জ্ঞান শ্রীবাস্তব। তারা জানান, ছোট থেকে বড় ক্লিনিক বা এককভাবে প্র্যাকটিস করা চিকিৎসকদের দৈনন্দিন ব্যবস্থাপনা, রোগী যোগাযোগ এবং ডিজিটাল উপস্থিতি সবকিছু সহজ করতে এই উদ্যোগ।
প্রথম পরিষেবা ক্লিনিক প্রো প্লাস একটি এ আই চালিত ক্লিনিক ও ডাক্তারের প্র্যাকটিস ম্যানেজমেন্ট সিস্টেম। এতে রয়েছে মাল্টি-ক্লিনিক ও মাল্টি-স্টোর সমর্থিত উন্নত ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সহজ বিলিং ও রেভিনিউ ড্যাশবোর্ড, এ আই-ভিত্তিক ত্রুটি যাচাই ব্যবস্থা, হোয়াটস অ্যাপ, এস এম এস ও ই-মেলের মাধ্যমে স্বয়ংক্রিয় রোগী যোগাযোগ, ডাটা-ভিত্তিক অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, ইন্টিগ্রেটেড ফার্মেসি ম্যানেজমেন্ট এবং এক্সট্রা ও সি আর প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয় পারচেজ অর্ডার আপডেট। পাশাপাশি প্রেসক্রিপশন লেখার সময় বিভিন্ন মেডিক্যাল গাইডলাইনের ভিত্তিতে এ আই পরামর্শ এবং কাস্টমাইজ যোগ্য ডিজিটাল প্রেসক্রিপশনের সুবিধাও রয়েছে।
দ্বিতীয় পরিষেবা ‘নাইন্টি নাইন এ আই টেক’। যা ক্লিনিক ও চিকিৎসকদের অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্টের জন্য তৈরি। সংস্থার মতে, অনেক দক্ষ চিকিৎসক ডিজিটাল জগতে পিছিয়ে পড়েন ধারাবাহিকতা, সিস্টেম ও সময়ের অভাবে। এই পরিষেবার মাধ্যমে এক ছাতার নিচে এ আই-চালিত ডিজিটাল উপস্থিতি তৈরি, গুগল সার্চ অপ্টিমাইজেশন, পেশাদার মোবাইল- রেসপনসিভ ওয়েবসাইট (হোস্টিং ও এস এস এল সহ), সহজ অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা, হোয়াটস অ্যাপ ইন্টিগ্রেশন এবং সারা বছর স্বয়ংক্রিয় সোশ্যাল মিডিয়া পোস্টিং ও অপ্টিমাইজেশন করা হয়। এতে প্রচলিত ব্যয়বহুল মার্কেটিংয়ের উপর নির্ভরতা কমে এবং রেফারেল-নির্ভর ধীরগতির বৃদ্ধির সমস্যাও কাটানো সম্ভব বলে দাবি সংস্থার।
তৃতীয় উদ্যোগটি হলো নাইন্টি নাইন ক্লিনিক্স ডট অনলাইন। এটিও একটি এ আই-ম্যানেজড অনলাইন অন-ডিমান্ড ডাক্তার-রোগী অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম। এখানে রোগীরা সহজে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং চিকিৎসকেরাও রিয়েল-টাইম এ আই সহায়তা পান, যা পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক স্বাস্থ্যসেবায় ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা এবং চিকিৎসকদের প্রশাসনিক চাপ কমিয়ে রোগীসেবায় বেশি সময় দেওয়ার সুযোগ করে দিতেই এই তিনটি সমাধান তৈরি করা হয়েছে।

