পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সবং ৮ নম্বর অঞ্চলের হারনান পূর্ব বুথ থেকে রুইনান বুথ পর্যন্ত এক বিশাল মহামিছিল ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের দীর্ঘদিনের বিধায়ক তথা মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা।

এদিনের মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন গ্রাম ও এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন মন্ত্রী। তিনি মানুষের অভাব-অভিযোগ শোনেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে জানান, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যেই সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। আগামী দিনে এই উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে দলকে বিপুল সমর্থন দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান।

এই মহামিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এ ধরনের জনসংযোগ কর্মসূচি ভোটারদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সব মিলিয়ে, সবং বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আবহে এই মহামিছিল নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।


