স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ মার্চ: পঞ্চায়েত ভোটের আগে বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর থানার ফকিরধারা গ্রামে একটি নির্মীয়মান বাড়ির মাটি খুঁড়ে পাঁচটি অত্যাধুনিক রিভালবার, পাঁচটি ম্যাগজিন, নয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সেভেনএমএম পিস্তল এবং একটি ওয়ান সাটার। তবে কারা এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রগুলি রাখল পুলিশ তা তদন্ত করে দেখছে। এই ঘটনায় এখনও কাউকেই গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার অধীনে গোয়ালপোখর, ইসলামপুর এবং চোপড়া সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে বাব বার। কিছুদিন আগেই মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েত প্রধানের গুলিতে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর পর এই উত্তেজনা আরো খানিকটা বাড়িয়ে দিয়েছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন, গোয়ালপোখরের খুনের ঘটনায় পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পেরেছে। এছাড়াও ইসলামপুর, চাকুলিয়া থানার পুলিশ একটি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এখনও পর্যন্ত ইসলামপুর পুলিশ জেলা দশটি বেআইনি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ম্যাগজিন এবং নয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল। জেলার পুলিশ সক্রিয় থাকার কারণেই এই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার সম্ভব হচ্ছে। পুলিশের এই তৎপরতা জারি থাকবে। কোথাও কোনো বেআইনি আগ্নেয়াস্ত্রের সন্ধান পেলে সাধারণ মানুষকে এগিয়ে এসে গোপনে পুলিশকে জানানোর জন্য তিনি আবেদন করেছেন।

পাশাপাশি একটি প্রতারণা চক্রকেও ধরতে সক্ষম হয়েছে পুলিশ। খোয়া-যাওয়া মোবাইল ফোন এবং নগদ টাকাও প্রকৃত মালিকদের হাতে তুলে দেন তিনি।

