আমাদের ভারত, ২৫ এপ্রিল:পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে শুধু রাজ্যেই নয় রাজধানী দিল্লিতেও বড় কর্মসূচি নিতে চলেছে বিজেপি। বাংলায় আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগে সরব পদ্মশিবির। এবার এই অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্রীয় স্তরে বড় কর্মসূচি নিয়েছে বিজেপি। সূত্রের খবর, পদ্ম শিবির ঘনিষ্ঠ আইনজীবীরা নিহত বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বুকে ধর্না, বিক্ষোভ, পদযাত্রা করতে চলেছে বিজেপি।
আগামী ২৯ এপ্রিল দিল্লিতে পদযাত্রা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাজ্য বিজেপি নেতৃত্ব সহ বিজেপির আইনজীবী সেলের সদস্যরা এই কর্মসূচিতে যোগ দেবেন। যন্তর-মন্তর থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পদযাত্রা করবে বিজেপি। ইন্ডিয়া গেটের সামনে ধর্না বিক্ষোভের সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে তাদের।
এদিকে শুক্রবার দিল্লি পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার ৩০ এপ্রিল প্রধান বিচারপতিদের একটি সম্মেলনে যোগ দেবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একমঞ্চে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বীরভূমের রামপুরহাটের বগটুই এবং নদিয়ার হাঁসখালির গণধর্ষণের ঘটনার পর রাজ্যের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। দুই জায়গাতেই তথ্য অনুসন্ধানকারী প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সেখান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল ঘুরে এসে কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়ার রিপোর্টে কেন্দ্রীয় হস্তক্ষেপে দাবি করা হয়েছে। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগ তুলে ৩৫৫ ও ৩৫৬ ধারা প্রয়োগের দাবি করেছে বিজেপি। বাজেট অধিবেশনেও বিজেপি সাংসদরা রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে সরব হয়েছেন। পশ্চিমবঙ্গে ৩৫৬ ধারা প্রয়োগের দাবি করেছেন বিজেপি সাংসদরা।

