হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এগরা, একাধিক ব্যক্তির প্রাণ নাশের আশঙ্কা

পার্থ খাঁড়া, পূর্ব মেদিনীপুর, ১৬ মে: আজ হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত মানুষ বাইরে বেরিয়ে এলেও ভয়ে বিস্ফোরণ স্থলের কাছে যেতে পারেননি। একাধিক ব্যক্তির মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। খবর পাওয়া যাচ্ছে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে দেহ। বিস্ফোরণ হয়েছে বাজি কারখানায়। এলাকার মানুষের প্রশ্ন, বাজি কারখানার আড়ালে কি বোমা তৈরি হচ্ছিল? এর আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে একইভাবে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। আবারও তার পুনরাবৃত্তি হল।

সূত্রের খবর, এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। অবৈধভাবে বাজি তৈরি হচ্ছিল ওই কারখানায়। বাজি তৈরির বিপুল মশলা মজুত থাকায় বিস্ফোরণ ঘটে। যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট সেই কারণে প্রশ্ন উঠেছে এটি অবৈধ বাজি কারখানা নাকি বৈধ কারখানা, নাকি বাজি কারখানার আড়ালেই চলছিল বোমা বাঁধার কাজ। এলাকার মানুষ আগেও ওই বাজি কারখানা সম্পর্কে প্রশ্ন তুলেছেন। তাদের সন্দেহ ছিল বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হত।

এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি. বাজি কারখানা ছিল বলেই খবর পেয়েছি। পুলিশ আগেই তল্লাশি করে বন্ধ করেছিল। তারপরও লুকিয়ে চলছিল। কতজন মারা গিয়েছেন এখন বলতে পারব না। খুবই খারাপ লাগছে। প্রশাসনকে বলব কড়া হাতে দমন করতে। আমি বিধায়ক হওয়ার পর এই প্রথম এই ঘটনা। আমি আগেই নির্দেশ দিয়েছিলাম। পুলিশও টহলদারি করেছে। কিন্তু গোপনে হয়ত চলছিল।”

পরে ঘটনাস্থলে পুলিশ গেলে জনরোষ আছড়ে পড়ে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৫ জনের মৃত্যু হয়েছে, ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিআইডিকে তদন্তের ভার দেওয়া হয়েছে। স্থানীয় আসমর্থিত সুত্রের খবর অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *