আমাদের ভারত, ১৮ জুন: কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পের নাম করে যুবকদের সেনাবাহিনীতে স্থায়ী চাকরির সুযোগ নস্যাৎ করে দেওয়ার চক্রান্ত করেছে বলে অভিযোগ করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)।
শনিবার সংগঠনের সর্বভারতীয় সম্পাদক ছবি মহান্তি অগ্নিপথ-এর ভাবনাকে কঠোরভাবে সমালোচনা করে এক বিবৃতিতে বলেন, “পুলিশ যেভাবে হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদে গুলি চালিয়ে একজনকে হত্যা এবং ১৫ জনকে গুরুতর ভাবে আহত করেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা নিহত পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার দাবি জানাচ্ছি।
আমরা মনে করি কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগ এর প্রকল্প ‘অগ্নিপথ’ঘোষণা করেছে তা অত্যন্ত প্রতারণামূলক এবং যারা ইতিমধ্যেই প্যানেলভুক্ত হয়ে আছেন তাদেরকে তীব্র বঞ্চনা করা হচ্ছে। তাদের এই বিক্ষোভ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটাচ্ছে। আমরা অল ইন্ডিয়া এম এস এস এর পক্ষ থেকে ছাত্র-যুবসমাজের এই ন্যায্য দাবিকে সমর্থন করি এবং মনে করি দাবি আদায়ের জন্য দীর্ঘস্থায়ী সুসংগঠিত ও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।”

