অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১৯ মার্চ: লোকসভার উপনির্বাচনে আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে বিজেপি-র দুই প্রার্থী সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
শনিবার তিনি টুইটারে লিখেছেন, “বালিগঞ্জে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত হবার জন্য কেয়া ঘোষকে অভিনন্দন। সঠিক মনোনয়ন হয়েছে। আসানসোলে অগ্নিমিত্রা পালকেও অভিনন্দন। নিঃসন্দেহে যোগ্য প্রার্থী। কিন্তু যিনি বিধানসভা সদস্য আছেনই তাঁকে ছাড়া আর কারোকে করা যেত না? বিধানসভা নির্বাচনেও এই একই কান্ড হয়েছিল!”
পৃথক টুইটে তথাগতবাবু দিলীপ ঘোষের নামোল্লেখ না করে লেখেন, “আসানসোল ও বালিগঞ্জে বিজেপির প্রার্থী মনোনয়ন হয়ে গেছে। বেশ কথা। এবার মনে রাখবেন এই কেন্দ্রগুলো শিক্ষিত মানুষ অধ্যুষিত। এখানে বক্তৃতা করতে যেন ওই ফিটার মিস্ত্রীটিকে নামাবেন না যার বক্তব্য শুধু, “মেরে দেব”, “পুঁতে দেব”, “বিধবা করে দেব”। পশ্চিমবঙ্গে হিন্দুর বিপদ সম্বন্ধে কথা বলুন।“
তথাগতবাবু অপর একটি টুইটে বিজেপির সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে যুক্ত করে লিখেছেন, “পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিরোধী স্থানে একটি শূন্যতা তৈরি হয়েছে বিজেপি-র বিপর্যয় (কেডিএসএ গ্যাংকে ধন্যবাদ) এবং সিপিআই(এম) এবং কংগ্রেসের পতনের পরে। আপ অর্থাৎ এএপি-র কোনো নেতা নেই। বিজেপির এখনও সুযোগ আছে যদি তারা একসাথে কাজ করতে পারে। ২০২৪-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

