রাজেন রায়, কলকাতা, ১৮ মার্চ: প্রথম এবং দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণায় ক্ষোভ ছড়িয়েছিল বিজেপি কর্মীদের। পর পর টানা দু-তিন দিন হেস্টিংসে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। পরে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ উঠে যায়। এবার ফের চার দফার প্রার্থীদের নাম ঘোষণা হলে দমদমে প্রার্থী পছন্দ না হওয়ায় উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার নাগেরবাজার। সেখানে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
অভিযোগ, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ নাগেরবাজারে শমীক ভট্টাচার্যের গাড়ি ভাঙ্গচুর করা হয়। স্থানীয় কিছু দুষ্কৃতী গাড়ি ভাঙ্গচুর করে বলে জানা গিয়েছে। তবে বিজেপির অভিযোগ, এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। তবে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

শমীক ভট্টাচার্য এবার দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তাঁর গাড়িতে টাকা রয়েছে এই অভিযোগ তুলে স্থানীয়রা ভাঙ্গচুর চালায়। সেই সময় স্থানীয় একটি হোটেলেও বিক্ষোভ দেখানো হয়। অত্যধিক মাত্রায় উগ্র আচরণের জন্য তারা শমীক ভট্টাচার্যকে মেনে নেবেন না এমনটাই দাবি করতে থাকেন।
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমদম থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া। পুলিশের কয়েকজন আহত হয়েছেন বলে খবর। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনাস্থলে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

