স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ মার্চ: আজ উত্তর দিনাজপুর জেলার এক বাসিন্দার নাম বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই ইটাহার ব্লকের একদল বিজেপি সমর্থক স্থানীয় এক নেতাকে প্রার্থী হিসেবে দাবি জানিয়ে রায়গঞ্জ শহরের জেলা কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কয়েকজন নেতাকে শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ। পরে পার্টি অফিসে ভাঙ্গচুর চালায়। এদিন দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করার পর দেখা গিয়েছে জেলার ইটাহার ও করণদিঘি আসনে কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। পাশাপাশি দলের অন্দরমহলে কানাঘুষো চলছে, যে ইটাহার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক অমল আচার্য বিজেপিতে যোগদানের পরে তাকেই ওই আসনে প্রার্থী করা হবে। এ নিয়ে এলাকার সাধারণ কর্মীদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা কার্যালয়ে এসে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তারা দাবি জানিয়েছে, স্থানীয় নেতা নিমাই সিংহকে ইটাহার আসনে প্রার্থী করতে হবে। তারা অন্য কাউকেই প্রার্থী হিসেবে মেনে নেবে না।
অপরদিকে বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, প্রত্যেক জায়গার মানুষ দলের মধ্যে নিজেদের পছন্দের লোককে প্রার্থী হিসেবে দেখতে চায়। বিজেপি গণতান্ত্রিক দল। কাজেই এখানে অধিকার অনুযায়ী তাদের পছন্দের ব্যাক্তির নাম যাওয়া সত্বেও তার নাম ঘোষণা না হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়। তারই বহিঃপ্রকাশ ঘটেছে জেলা পার্টি অফিসে। চাকুলিয়াতেও প্রার্থী পছন্দ না হওয়ায় সেখানে প্রার্থীর এবং কেন্দ্রীয় মন্ত্রীর ছবি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সে বিষয়ে তাকে জানানো হলে তিনি বলেন, তার এব্যাপারে জানা নেই। খবর নিয়ে দেখবেন। গণতান্ত্রিক পার্টিতে ছোট খাটো ক্ষোভ বিক্ষোভ হতেই পারে বলে তিনি জানিয়েছেন।

