মাটিয়ায় ১১ বছরের কিশোরীর গণধর্ষণের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসএফআই’য়ের বিক্ষোভ- মিছিল

আমাদের ভারত, কলকাতা, ২৯ মার্চ: ২৬ মার্চ মাটিয়ায় ১১ বছরের কিশোরীর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ এবং মিছিল করে প্রতিষ্ঠানের এসএফআই সমর্থকরা। কিছু সময়ের জন্য পথ অবরোধ হয় কলেজ স্ট্রিটে। ফলে ওই ব্যস্ত রাস্তা এবং সংলগ্ন অঞ্চলে যানজট হয়।

সংগঠনের শাখা সম্পাদক অদ্রিজা কারক এই প্রতিবেদককে জানান, “গোটা রাজ্যজুড়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরবর্তী সময়ে নারী, শিশু, ছাত্রসহ সমাজে সর্ব স্তরে সুকৌশলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে মমতা ব্যানার্জির দল। আনিস, তুহীনা, ঝালদা, রামপুরহাট গণহত্যার পর এক মাসের খতিয়ানে যুক্ত হয়েছে গত ২৬ মার্চ মাটিয়ায় ১১ বছরের কিশোরীর গণধর্ষণের জঘন্য ঘটনা।

এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তার গুন্ডা বাহিনী দিয়ে বারংবার এই সমস্ত ঘটনার তদন্তকে হয় প্রভাবিত করেছে, নয়তো প্রতিবাদী কন্ঠস্বর রোধ করে দিয়েছে বরাবরের জন্যে। মাটিয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।তাই এই তৃণমূল সরকারের বিরুদ্ধে গোটা রাজ্যজুড়ে ছাত্র সমাজ এক হয়ে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে সরকারকে নিপাত যাওয়ার ডাক দিয়েছে।

মাটিয়ার ঘটনার ধিক্কার জানিয়ে এবং বিচারের দাবিতে আজ ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ এবং মিছিল হয়।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *