“স্কুলের পোশাকের রঙ নীল সাদা করার প্রতিবাদে আন্দোলনের মাত্রা বাড়বে”, হুঁশিয়ারি জলপাইগুড়ি প্রাক্তনী সম্মিলনীর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৯ সেপ্টেম্বর: স্কুলের পোশাকের রঙ নীল সাদা করার প্রতিবাদে আন্দোলন অব্যাহত জলপাইগুড়ি প্রাক্তনী সম্মিলনীর৷ হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে প্রাক্তনী সম্মিলনীদের পক্ষ থেকে। আন্দোলনের মাত্রা বাড়বে শুক্রবার সাংবাদিক বৈঠক করে হুঁশিয়ারি দিলেন প্রাক্তনীরা।

১৯৮২ সালে বিভিন্ন বিদ্যালয়ে স্কুলের পোশাক চালু হয়। বিভিন্ন বিদ্যালয়ে সেই সময় থেকে নির্দিষ্ট রঙের পোশাক ব্যবহার হচ্ছে। হঠাৎ করে কি এমন হল পোশাকের রঙ নীল সাদা করার জন্য চাপ দেওয়া হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে বলে অভিযোগ। প্রাক্তনী সম্মিলনীদের অভিযোগ, প্রতিবাদ র‍্যালি, বিক্ষোভ, স্বাক্ষর সংগ্রহ, জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেওয়ার পরেও কাজ হয়নি। উল্টে দিন কয়েক আগে পুরসভার হল ঘরে প্রতীকিভাবে স্কুলের পোশাক বিলি করা হয় কয়েকটি বিদ্যালয়কে। প্রত্যেক বিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য বজায় রাখতে পোশাকের রঙ পরিবর্তন না করার দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার হুঁশিয়ারি দিল প্রাক্তনীরা।

জলপাইগুড়ি প্রাক্তনী সম্মিলনীর আহ্বায়ক সৌভিক কুণ্ডা বলেন, “বিভিন্ন বিদ্যালয়ের পোশাকের রঙ নীল সাদা করার জন্য চাপ দেওয়া হচ্ছে, একাধিক স্কুলের প্রধান শিক্ষক এমনটাই জানাচ্ছে। আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি। আমরা পিছনে থাকবো, স্কুলের পড়ুয়ারা সামনে থেকে স্কুলের পোশাকের রঙ পরিবর্তনের প্রতিবাদে আন্দোলনে সামিল হতে চলেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *