আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ২৬:মে: ঝড়ে বিধ্বস্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ, পানীয় জল ও খাবারের দাবি সহ অন্যান্য দাবিতে আজ এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে তমলুকে জেলা শাসকের অফিসে বিক্ষোভ- ডেপুটেশনের কর্মসূচিতে সামিল হয় দলের কর্মীরা।
গত ২০মে পূর্ব মেদিনীপুর জেলায় সুপার সাইক্লোনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত নন্দীগ্রাম, খেজুরী, হলদিয়ার বিভিন্ন এলাকা সহ জেলার বিস্তীর্ণ এলাকা। এই বিস্তীর্ণ এলাকার মানুষজনের অবস্থার কথা তুলে ধরতে এসইউসিআইয়ের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল জেলাশাসকের অফিসে যায়।

এসইউসিআইয়ের কর্মীরা আজ তমলুক শহরের হাসপাতাল মোড় থেকে মিছিল করে জেলাশাসকের অফিসে আসে।জেলাশাসকের অফিসের সামনে তারা বিক্ষোভ দেখায়। দলীয় নেতৃত্ব ডেপুটেশন জমা দিতে যায় জেলা শাসকের কাছে। জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসককে ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও দেওয়া হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে।
দাবিগুলির মধ্যে অন্যতম হল, অবিলম্বে ওই দুর্গত এলাকায় জেনারেটরের মাধ্যমে পাম্প চালানোর ব্যবস্থা করে পানীয় জলের ব্যবস্থা, এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ স্থাপন, দুর্গতদের মধ্যে ত্রিপল- শুকনো খাবার সহ পর্যাপ্ত ত্রাণ সরবরাহ, পুকুরের জল শোধনের জন্য অবিলম্বে ব্লিচিং, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহ চুন সরবরাহ ইত্যাদি। প্রতিনিধি দলে ছিলেন, দলের জেলা সম্পাদিকা অনুরূপা দাস, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নন্দ পাত্র, প্রণব মাইতি, জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সন্তোষ মাইতি, সুব্রত দাস, অরুণ জানার নেতৃত্বে এক প্রতিনিধিদল পৃথকভাবে স্মারকলিপি দেন।
দলের জেলা সম্পাদিকা অনুরূপা দাস জানান,
নন্দীগ্রাম, মহিষাদল, হলদিয়া, খেজুরি-রামনগর প্রভৃতি ক্ষতিগ্রস্ত এলাকার প্রধান সমস্যা হল পানীয় জল। পুকুরগুলিতে গাছ পড়ে গিয়ে গাছের পাতা পচে জল ভীষণভাবে দূষিত হয়েছে। সেই জল ব্যবহার করা যাচ্ছে না। অন্যদিকে সাবমারসিবলগুলি বিদ্যুতের অভাবে বন্ধ থাকায় পানীয় জলের তীব্র সংকট। সব মিলিয়ে মানুষজন এখম এক চরম সমস্যার সম্মুখীন হয়েছে। অবিলম্বে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে গ্রামবাসীরা ভীষণ অসুবিধার মধ্যে পড়বেন। তাই তাদের এই বিক্ষোভ ডেপুটেশন।

