স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ মার্চ: ফের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দালাল চক্রের হদিশ। অর্থের বিনিময়ে রক্ত দিতে এসে হাতেনাতে ধরা পড়ল ২ জন। সোমবার রাত থেকে এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে।

জানাগেছে, হরিরামপুরের বাসিন্দা প্রতিমা রায় শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন এই হাসপাতালে। তার ও পজিটিভ রক্তের প্রয়োজন হয়। তার আত্মীয়রা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের জন্য পৌছলে ২ ব্যক্তি রক্ত দিতে এগিয়ে আসে। যদিও তার বিনিময়ে তারা সাড়ে ৩ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ। এদের মধ্যে একজন হাসপাতালেরই কর্মী এবং অপরজন বেসরকারি নার্সিংহোমে কর্মরত। এই ঘটনার পর রোগীর পরিবার হিমাংশু শীল নামের এক সমাজকর্মীকে বিষয়টি জানান। তখন অভিযুক্তদের কোনোমতে ডেকে এনে হাতেনাতে ধরে ফেলা হয়। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা হল হায়দার আলি ও বাবলু আলি। অবিলম্বে এই দালালারাজ বন্ধের দাবি জানিয়েছেন হিমাংশুবাবু। কৌশিক সাহা নামের অপর এক রোগীর আত্মীয়ের সাথে তার বাবা ভর্তি রয়েছেন হাসপাতালে। তিনি জানান, তাকেও টোপ দেওয়া হয়েছিল। ৩ হাজার টাকা চাওয়া হয়েছিল তার কাছে। কিন্তু তিনি তাদের ফাঁদে পা দেননি। এধরনের ঘটনা ঘটে চলেছে বলে দাবি তার। যাকে ঘিরে যথেষ্টই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য বলেন, বর্তমানে রক্তের ভাঁড়ার প্রায় শূন্য। যাকে হাতিয়ার করে ময়দানে নামছে দালালরা। এক্ষেত্রে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন
কৌশিকবাবু।
অন্যদিকে এবিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারি সুপার অভীক মাইতি।

