ফের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা, শহীদ ২ জওয়ান, আহত ৩

আমাদের ভারত,৫ অক্টোবর: আবারও পুলওয়ামায় জঙ্গি হামলার হল সিআরপিএফের কনভয়ে। আচমকা হওয়া এই হামলায় শহীদ হয়েছেন দু’জন সিআরপিএফ জাওয়ান। এছাড়া তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে সোমবার সিআরপিএফের ১১০ নম্বর ব্যাটেলিয়ান ও জম্মু-কাশ্মীর পুলিশ পুলওয়ামার পাম্পোরে টহল দিচ্ছিল। কান্দিজাল সেতুর কাছে আসতেই তাদের ওপর আচমকা হামলা চালায় জঙ্গিরা। বাহিনী সূত্রে জানানো হয়েছে ওই হামলায় শহীদ হয়েছেন দুই জাওয়ান। মারাত্মক জখম হয়েছেন আরো তিনজন। আহতদের শ্রীনগর সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।

পাম্পোরের কান্দিজাল জাতীয় সড়কের ওপর বেলা বারোটা নাগাদ এই হামলা হয়। হামলার পরপরই এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। চলছে চিরুনি তল্লাশি। এর আগে ২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামাতেই সিআরপিএফের একটি কনভয়ে হামলা চালিয়েছিল। আত্মঘাতী জঙ্গিরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে কনভয়ের মধ্যে। সেই বিস্ফোরণের ছিন্নভিন্ন হয়ে যায় ৪০ জন জওয়ানের দেহ। পরে ওই হামলার দায় স্বীকার করে জৈশ ই মহম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *