আমাদের ভারত, আরামবাগ, ২০ সেপ্টেম্বর: কয়েকদিনের টানা বৃষ্টিতে আবারও জলমগ্ন হয়ে পড়ল খানাকুলের বেশকিছু এলাকা। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাঁচার তাগিদে আশ্রয় নিয়েছেন অন্যত্র। ইতিমধ্যে সমস্যা দেখা দিয়েছে পানীয় জল ও খাবারের। এলাকাবাসীর অভিযোগ, এখনো পর্যন্ত সরকারি ত্রাণ পৌঁছায়নি এলাকাগুলিতে। এই নিয়ে ক্ষোভ জমেছে।
জানা গেছে নিম্নচাপের জেরে ক’দিনের বৃষ্টিতে গতবার বন্যায় দ্বারকেশ্বর নদী ও মুন্ডেশ্বরী নদীর যে জায়গায় বাঁধ ভেঙ্গে ছিল সেটা মেরামত করলেও আবার সেখান থেকেই জল ঢুকে প্লাবিত হচ্ছে। ইতিমধ্যেই ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকে খানাকুলের মাড়োখানা, সুন্দরপুর, বউবাজার, ঘাসুয়া ও নন্দনপুর রাজহাটি এলাকায জলমগ্ন হয়ে পড়ে। অন্যদিকে ওই ভাঙ্গা বাঁধ দিয়ে হু হু করে জল ডুকছে এলাকায়। এর জেরে কয়েকশো পরিবার গৃহহীন। তাদের দাবি অবিলম্বে গতবারে বন্যায় বাঁধের যে জায়গাগুলো ভেঙ্গে গিয়েছিল সেই জায়গা গুলো দ্রুত মেরামত করুক প্রশাসন।

