বাজার খোলা দিনে মাত্র ৫ ঘন্টা, বন্ধ শপিং মল, রেস্তোরাঁ, সিনেমা হল, করোনা মোকাবিলায় কড়া নির্দেশিকা নবান্নের

আমাদের ভারত, ৩০ এপ্রিল: রাজ্যে করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নিল নবান্ন।শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যে অনির্দিষ্টকালের জন্য সমস্ত সিনেমা হল,শপিং মল, বিউটি পার্লার, স্পা,রেস্তোরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওষুধ বা মুদির দোকান খোলা থাকলেও অন্যান্য দোকানপাট দিনে ৫ ঘন্টার জন্য খোলা থাকবে। তার সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

সামাজিক এবং সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে শুক্রবার সন্ধ্যায় এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে নবান্ন। এই নির্দেশ না মানা হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

অনেকেই মনে করছেন ভোট মিটতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হল। ভোটের ফলাফলের পর আরো বেশি কড়াকড়িভাবে বিধিনিষেধ আরোপিত হবে। সংক্রমনের শৃঙ্খল ভাঙতে প্রয়োজনের নাইট কারফিউ জারি হতে পারে বলেও মনে করা হচ্ছে।

নবান্নের নির্দেশিকা অনুযায়ী বাজার হাট শুধুমাত্র খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। তবে ওষুধের দোকান‌ ও মুদির দোকান জরুরী পরিষেবা তাই এগুলো নির্দেশিকার বাইরে থাকছে। সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ক্রীড়াঙ্গন,সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকবে। তবে হোম ডেলিভারি এবং অনলাইন পরিষেবা চালানোর অনুমোদন রয়েছে।

সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদন মূলক সমস্ত অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গণনা এবং ভোট প্রকাশের পর সমস্ত মিছিল ও বিজয়োৎসব ক্ষেত্রে নির্বাচন কমিশন যে নির্দেশিকা দিয়েছে তা মানার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *