পুরভোটে জিতলেই পাড়ায় সমাধান অ্যাপ, ইস্তেহারে নয়া চমক তৃণমূলের

রাজেন রায়, কলকাতা, ১২ ডিসেম্বর: প্রত্যেক ভোটেই নতুন কিছু চমক দেয় তৃণমূল। ইতিমধ্যেই কলকাতা পুরসভা নির্বাচনে নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘কলকাতার দশ দিগন্ত’। শাসক দলের তরফে নয়া ১০ দফা প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হয়েছে ইস্তেহারে। ইস্তেহারে উল্লেখ রয়েছে, এবার জিতলে ‘পাড়ায় সমাধান অ্যাপ’ চালু করবে সরকার।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগেও দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা করেছিল তৃণমূল। আর তাতে অনেকটাই বাজিমাত হয়েছে, এমনটাই দাবি তৃণমূলের। তাই এবার পুরভোটের আগেও একটি বিশেষ অ্যাপের উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, আসন্ন কলকাতা পুরভোটে বাজিমাত করে ফের পুরবোর্ড গঠন করতে পারলে ‘পাড়ায় সমাধান অ্যাপ’ চালু করবে সরকার।

এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা তাঁদের ওয়ার্ডের যে কোনও সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন৷ খারাপ রাস্তা, নর্দমা বা ভ্যাটের জিওট্যাগযুক্ত ছবি আপলোড করতে পারবেন সংশ্লিষ্ট অ্যাপে। এমনকি এও বলা হয়েছে, সেই সমস্যার সমাধান ১৪ দিনের মধ্যে করা হবে৷ ফলে কাউন্সিলরের কাছে গিয়ে অভিযোগ জানাবার দিন শেষ বলেই মনে করছে শাসক শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *