পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: এক সময় তিনি একনিষ্ঠ কর্মী ছিলেন তৃণমূলের। এরপর তিনি পান চন্দ্রকোনার বিধায়িকা পদের সিট। তিনি জয় লাভও করেন। দীর্ঘদিন সামলেছেন বিধায়িকার সেই পদ। কিন্তু তারপর কাজের নিরিখে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। আর তারই প্রেক্ষিতে গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কোনও আসনে টিকিট দেয়নি প্রাক্তন বিধায়িকা ছায়া দোলইকে। এরপর কেটেছে মাঝখানে দু’বছর। অবশেষে আবার ২০২৩ -এর পঞ্চায়েত সমিতি থেকে টিকিট দেওয়া হল সেই প্রাক্তন বিধায়িকাকে। তিনি টিকিট পেয়ে প্রচারে নেমে পড়ছেন।
একসময়ের বিধায়িকা কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি প্রচার চালাচ্ছেন মানুষের মধ্যে। এলাকায় এলাকায় জনসংযোগ কর্মসূচি করছেন এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের দিকগুলি তিনি তুলে ধরছেন। যেখানে সাড়াও পাচ্ছেন। তিনি দাবি করেছেন, তিনি সাত নাম্বার পঞ্চায়েত সমিতিতে বিরোধীদের হারিয়ে এই আসনে বিপুল ভোটে জয়ী হবেন।

