আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ মার্চ: সদ্য গতকাল তমলুক সহ রাজ্যের পৌরভোট পর্ব মিটেছে। আর তারপর আজ তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ১৪ নম্বর ওয়ার্ডের ষোলো ফুকার খালের মুখে রূপনারায়ণ নদীর পাড়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরে স্থানীয় বাসিন্দারা খবর দেয় তমলুক থানায়। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ, উদ্ধার করে নিয়ে যায় মৃতদেহটি। মৃতদেহটি স্থানীয় বাসিন্দারা কেউ চিনতে না পারায় স্থানীয় বাসিন্দারা মনে করছেন এটা অন্য এলাকার।

এলাকার বাসিন্দাদের ধারণা বেশ কয়েকদিন আগে মৃতদেহটি জলে পড়েছে তার কারণে দেহটি অনেকটা ফুলে গেছে। তবে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভেসে আসায় তমলুকের ১৪ নম্বর ওয়ার্ডের ষোলো ফুকার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তমলুক থানার পুলিশ মৃতদেহটির পরিচয় জানার জন্য নদীর উল্টো দিকে থাকা হাওড়া জেলা সহ আশেপাশের থানায় খবর দিয়েছে।

