স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ মার্চ: আম আদমি পার্টির পক্ষ থেকে বেথুয়াডহরীতে পোষ্টার লাগানো হল। আগেই গোপনে এই সংগঠন তৈরি হয়েছে। আজ সংগঠনের নেতারা প্রকাশ্যে কাজ শুরু করলেন।
দিল্লি ও পাঞ্জাবের সাফল্যের পর আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে এবার পাখির চোখ পশ্চিমবঙ্গ। আর সেই লক্ষ্যে গোপনে সংগঠন বানিয়ে ফেলেছেন গ্রামেগঞ্জে, আনাচে কানাচে। মানুষ তাতে সাড়াও দিচ্ছেন। তৃণমূল–বিজেপি থেকে বিমুখ হয়ে চলে আসছেন এই দলে। তার প্রতিক্রিয়া স্বরূপ আজ নাকাশিপাড়ায় বিভিন্ন জায়গায় পোস্টার লাগালেন দলীয় কর্মীরা। আজ রবিবার বেথুয়াডহরীতে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে স্টেশন রোডে সুভাষচন্দ্র স্ট্যাচুর মোড়ে পোস্টার লাগালেন আম আদমি পার্টির কর্মকর্তারা।

ধর্মদা অঞ্চলের সংগঠনের পক্ষ থেকে পাওয়ার অফ কন্ট্রোলের দায়িত্বে কবীর মল্লিক এবং নাকাশিপাড়া অঞ্চলের শংকর সূর্য নারায়ণ রায় ও আবু তাহের সেখের নেতৃত্বে পোস্টার লাগান কর্মীরা। পোষ্টার লাগানোর পর আম আদমি পার্টির পক্ষ থেকে আবু তাহের সেখ জানান, “আজ আমাদের কর্মসূচি পোস্টারিং। আগামী পঞ্চায়েত নির্বাচন থেকে বাংলায় আপ তার রাজনৈতিক লড়াই শুরু করবে। আমাদের পার্টির মূল লক্ষ্য ভারত বর্ষ তথা বাংলার বুকে যে নোংরা রাজনীতি চলছে সেই নোংরা রাজনীতির পরিসমাপ্তি ঘটানো। আমরা কেজরিওয়ালের নেতৃত্বে তার সৈনিক হিসাবে যে লড়াইয়ে নেমেছি তার পথ চলা বেথুয়াডহরী থেকে শুরু হলেও আগামীদিনে বিভিন্ন জায়গায় সংগঠনের কাজ শুরু করব।”

