নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ মার্চ: মমতার গড় দক্ষিণ কলকাতায় প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দক্ষিণ কলকাতার রাসবিহারীতে সভা করবেন তিনি। এছাড়াও যাদবপুরে একটি সভা করার কথা রয়েছে তাঁর। দক্ষিণ কলকাতায় হিন্দিভাষী ভোটারদের মধ্যে হিন্দুত্বের ঝড় তুলতেই তাকে দিয়ে একাধিক সভা করার কথা ভাবছে বিজেপি।
এছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়ে কলকাতায় সভার প্রস্তুতি নিয়েছে রাজ্য বিজেপি। কলকাতার বড়বাজারের সত্যনারায়ণ পার্কে বিজেপির হয়ে সভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শ্যামবাজারে সভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কলকাতার সংখ্যালঘু এলাকাগুলিতে প্রচার করবেন শাহনওয়াজ হুসেন। রাজাবাজার, ব্যান্ডেল গেট, মেটিয়াবুরুজ বন্দর এলাকায় প্রচারের দায়িত্ব শাহানুয়াজ হুসেনকে দেওয়া হয়েছে। এছাড়াও এন্টালিতে প্রচারে আসছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। দ্বিতীয় দফার ভোট মিটলেই কলকাতায় প্রচারে ঝড় তোলার জন্য মরিয়া হয়ে প্রচারে নামবে রাজ্য বিজেপি নেতৃত্ব। আর তাতেই একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবার কয়েকদিন কলকাতায় থেকে প্রচার শুরু করবে বলে দলীয় সূত্রে খবর।

