নবরূপে সংস্কারের পর উদ্বোধন হল শ্যামনগর রত্নেশ্বর ঘাট মহাশ্মশানের

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৫ ফেব্রুয়ারি: রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় দীর্ঘদিনের সমস্যা মিটল উত্তর ২৪ পরগনার গারুলিয়া রত্নেশ্বর ঘাট মহাশ্মশানের। প্রায় ১ বছর বন্ধ থাকার পর আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে এই শ্মশানের ইলেকট্রিক চুল্লির ব্যবহার চালু হচ্ছে। নতুন করে সংস্কার করা হল গুরুত্বপূর্ন এই শ্মশানটির।

যান্ত্রিক সমস্যার কারনে শ্মশানের ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে পড়েছিল দীর্ঘদিন। করোনা কালে এই শ্মশানের ২টি কাঠের চুল্লিতে দাহ কার্য সম্পন্ন করেছেন শব যাত্রীরা। দীর্ঘদিন পর রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের ১৫ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে নতুন করে পরিকাঠামো বদলে আমূল সংস্কার করা হয়েছে ব্যারাকপুর মহকুমার অত্যন্ত গুরুত্বপূর্ন এই মহাশ্মশানের।

সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হলে নতুন করে উন্নয়নের কাজ আটকে যাবে। সেই কারনে রাজ্যের যে উন্নয়ন মূলক প্রকল্প চলছে সেই প্রকল্প যাতে দ্রুত শেষ করা যায়, তাই কাজে গতি এনেছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনার শ্যামনগরে গঙ্গা তীরবর্তী এলাকায় অবস্থিত এই মহাশ্মশানে সংস্কার করা হয়েছে ইলেকট্রিক চুল্লির, ২৪ ঘণ্টা পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, শব যাত্রীদের জন্য গঙ্গা তীরবর্তী এলাকায় নতুন বাথ রুমের ব্যাবস্থা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শ্মশানে আসা শব যাত্রীদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে নতুন ছাউনির।

সোমবার দুপুরে নতুন রূপে গড়ে তোলা এই মহা শ্মশানের উদ্বোধন করেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রশাসক সঞ্জয় সিং। তিনি বলেন, “লক ডাউনের কারনে কাজ করতে সমস্যা ছিল শ্রমিকদের। কিন্তু লক ডাউনের পর থেকে শ্রমিকরা দ্রুত কাজ করে এই শ্মশানের সংস্কারের কাজ সম্পন্ন করেছে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে মানুষ এখানে শব দাহ করতে এসে ইলেকট্রিক চুল্লির ব্যবহার করতে পারবেন। এছাড়াও শব যাত্রীদের জন্য সব ধরনের আধুনিক সুবিধার ব্যাবস্থা করা হয়েছে। মানুষের পরিষেবা পেতে কোনও সমস্যা হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *