বেসরকারি স্কুলের পর এবার সরকারি স্কুলেও ফর্ম তুলতে রাত থেকে লাইন শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ ডিসেম্বর: এতদিন যেটা কলকাতা এবং শহরতলীতে দেখা যেত এবার তা দেখা যাচ্ছে জেলাতেও। নদিয়ার শান্তিপুরেও স্কুলে ভর্তির ফরম নিতে আগের দিন থেকে লাইন অভিভাবকদের। শীত এবং মশার কামড় উপেক্ষা করে সন্তানকে নামি বিদ্যালয়ে ভর্তি করার প্রচেষ্টা।

আজ শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরে ২০০ জনকে পঞ্চম শ্রেণিতে ছাত্রী ভর্তির জন্য ফর্ম দেওয়া হবে। তাই রাত থেকে স্কুলের সামনে লাইনে দাঁড়িয়েছেন বাবা মায়েরা। শুধু একদিন ফর্ম দেওয়ার জন্যই হয়তো এত ভিড় বলে মনে করা হচ্ছে। না হলে শান্তিপুরে আরও বেশ কিছু নামি বিদ্যালয়ে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে অথচ কোনওভাবেই লাইন লক্ষ্য করা যাচ্ছে না।

শুধু একদিন ফরম দেওয়ার সিদ্ধান্তকে অনেকে কটাক্ষ করে বলছেন, বিদ্যালয় প্রচারে আলোতে আসার জন্য এই কৌশল করেছে।

তবে অভিভাবকরা তাঁদের পছন্দ মতন বিদ্যালয়ে ভর্তি করাতে অন্তত দুটি বিদ্যালয়ের উপর নির্ভর করছেন।

শুধুমাত্র বিদ্যালয়ে ভর্তি করালেই যে ছাত্রছাত্রীরা ভাল ফলাফল করবে এমন নয়। অপেক্ষাকৃত কম ছাত্র-ছাত্রী আছে এমন বিদ্যালয় ছাত্র ছাত্রীদের প্রতি অনেক বেশি যত্নশীল হয়, এমনটাও বলছেন অনেকেই। বিভিন্ন শিক্ষানুরাগীরা মনে করেন, প্রত্যেক বিদ্যালয়ের ছাত্রী ভর্তির সমতা থাকা উচিত। এমনও বিদ্যালয় আছে ছাত্রছাত্রীর অভাবে শিক্ষকরা বাড়ি বাড়ি এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে, ঘুরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *