পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: “পঞ্চায়েত নির্বাচনের পর এই রাজ্য থেকে দিল্লিতে ১০ লক্ষ লোক নিয়ে গিয়ে প্রাপ্য টাকা নিয়ে আসার হবে,” নারায়ণগড়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ জগন্নাথ মন্দির ময়দানে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নির্বাচনী জনসভা করে তৃণমূল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এদিন তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডকে তুলে ধরার পাশাপাশি, কেন্দ্রীর সরকারকে তীব্র আক্রমণ করেন। ১০০ দিনের কাজের বকেয়া টাকা না পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে তীব্রভাবে কটাক্ষ করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হবার পরই এই রাজ্য থেকে দিল্লিতে ১০ লক্ষ লোক নিয়ে গিয়ে প্রাপ্য টাকা নিয়ে আসার জন্য তিনি উদ্যোগী হবেন বলেও মঞ্চে ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই আছে। বিজেপি মুখে বড় বড় কথা বলে কাজ করে না।
দলের বিরুদ্ধে প্রার্থী হওয়া নির্দলদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করেন, “এদের কাউকেই দলে আর ফিরিয়ে নেওয়া হবে না”। দলীয় প্রার্থীর বিরুদ্ধে যাওয়া নির্দল প্রার্থীদের ভোট না দেওয়ার জন্য তিনি আবেদন করেন।

