রাজেন রায়, কলকাতা, ২৪ মার্চ: চাকরি প্রার্থীরা ক্রমশ অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলে। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন এসএসসি’র নবম থেকে দ্বাদশ শ্রেণির মেধা তালিকার ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। বুধবার বিকেলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরি প্রার্থী শিক্ষকরা। প্রায় আধাঘণ্টা মত বিক্ষোভ করার পর নেতাজি নগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। প্রায় চল্লিশ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আন্দোলনকারী শিক্ষকদের দাবি, তারা ২০১৬ সালের এসএলএসটি চাকরি প্রার্থী। মেধা তালিকায় নাম থাকলেও দুর্নীতির কারণে নিয়োগ আটকে যাওয়ায় আজও তাদের চাকরি পাওয়া হয়নি। তাদের দাবি, নিয়োগের দাবিতে এর আগে সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনে ৫৩ দিন অবস্থান চালিয়েছেন। তার মধ্যে ৪৩ দিন অনশন করেছেন আন্দোলনরত শিক্ষকরা। দুর্নীতির কারণে শিক্ষক নিয়োগ আটকে যাওয়ায় তারা ২০১৯ সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে ২৯ দিন অবস্থান বিক্ষোভ চালিয়েছিলেন। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মেধা তালিকাভুক্ত কোন শিক্ষককে বঞ্চিত করা হবে না। যদিও মুখ্যমন্ত্রীর দেওয়া সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন করা হয়নি। তারা আজও বঞ্চনার শিকার হয়ে আছেন বলে অভিযোগ আন্দোলনকারী শিক্ষকদের।

