স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ এপ্রিল: খেলা হবে স্লোগানের পাল্টা বার্তা দিতে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে ম্যাচ খেললেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। জানালেন খেলা মাঠেই হয় আর উন্নয়ন বিকাশ হয় রাজনীতির খেলার মাধ্যমে। মঙ্গলবার প্রচার না থাকায় এভাবেই ফুরফুরে মেজাজে ক্রিকেট খেলে কাটালেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। শুধু খেললেনই না, ম্যান অফ দি ম্যাচ হলেন তিনিই।

১৯ তারিখ শেষ হয়ে গিয়েছে নির্বাচনী প্রচারের কাজ। ২০ ও ২১ তারিখ নেই প্রার্থীদের প্রচার ও জনসংযোগ। ফলে এই দুটো দিন একটু অন্যভাবে কাটালেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। মা তাঁরা সংঘের পরিচালনায় শুভলগ্ন লোকনাথ মন্দির সংলগ্ন মাঠে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। ৪ ওভারের ক্রিকেট ম্যাচে ১৯ রান আর ২ টি উইকেট নিয়ে কৃষ্ণ কল্যাণী হলেন ম্যাচের সেরা।

ম্যাচের সেরা হয়ে কৃষ্ণ কল্যাণী তৃণমূলের স্লোগান খেলা হবে’কে কটাক্ষ করে বলেন, খেলা মাঠেই হয় আর উন্নয়নের কর্মযজ্ঞ ও বিকাশ হয় রাজনীতির মাঠে। দুদিন কোনও প্রচার নেই তাই একটু অন্যভাবে দিন কাটালাম। আগামী ২২ এপ্রিল ভোট। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে মানুষ যাতে উৎসবের মতো করেই ভোটদান করেন সেই প্রার্থনাই করলেন তিনি। খেলা দেখতে মাঠে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

