অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ জানুয়ারি: অবশেষে জেলা নেতৃত্বের আশ্বাস পেয়ে নতুন করে খুলল বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির ফানিয়ামারার দলীয় কার্যালয়। দলের কর্মীরা ফের দলীয় পতাকা, ফেস্টুন টাঙ্গিয়ে কার্যালয়ের তালা খোলেন।

জানাগেছে, গত ২৬ জানুয়ারি ঝাড়গ্ৰাম জেলা বিজেপির নতুন পদাধিকারী ঘোষণার পর ক্ষোভে ফানিয়ামারার কার্যালয়ের সমস্ত দলীয় পতাকা, ফেস্টুন খুলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছিলেন বিজেপি কর্মীরাই। গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল বিজেপি যুব কর্মীদের ক্ষোভ ছিল নতুন জেলা সভাপতি তুফান মাহাত একতরফা ভাবে দলের পদাধিকারী ঘোষণা করেছেন। পক্ষপাত দুষ্টু ভাবে বাদ দেওয়া হয়েছে দলের গুরুত্বপূর্ণ নেতাদের। সেই ক্ষোভে এদিন কার্যালয় বন্ধ করে দিয়েছিলেন বিজেপির কর্মীরা। অবশেষে জেলা নেতাদের আশ্বাসে রবিবার পাঁচদিন বাদে খুলল বিজেপির এই কার্যালয়।

