আতঙ্কিত লেখিকা! রুশদির পর টার্গেটে তসলিমা, পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে প্রাণনাশের হুমকি

আমাদের ভারত, ১৭ আগস্ট: এর আগেও তার মাথার দাম ধার্য হয়েছে একাধিকবার। হুমকি পেয়েছেন বহুবার। জারি হয়েছে তার বিরুদ্ধে ফতোয়া। কিন্তু এমন আশঙ্কিত হননি তসলিমা নাসরিন। রুশদির সাথে ঘটনার পর বেশ কিছুটা আশঙ্কিত লেখিকা। তার কারণও জানিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে। ১৫ আগস্টে তার “তোমরা মানুষ খুন করো” টুইটে ঝড় উঠেছে।

নিজের টুইটের সঙ্গে তিনি জুড়েছেন জনৈক জেন শেখ নামে একজনের টুইট। যেখানে তিনটি ছুড়ির ছবি দিয়ে তাসলিমাকে ট্যাগ করে বলা হয়েছে। পরের নিশানা তুমি। সাহিত্যিক সালমান রুশদি ছুরিকাহত হবার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তাসলিমা। গোটা বিশ্বে যারা কট্টর মৌলবাদীদের সমালোচনা করেন তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন লেখিকা। তিনি বলেছিলেন, বিশ্বের সেরা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে রুশদির উপরে হামলা করার পর মৌলবাদীরা উল্লসিত হয়ে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তার এই মন্তব্যের জন্য এতো তাড়াতাড়ি তাকেও যে প্রাণনাশের হুমকি পেতে হবে তা নিজেও বুঝে উঠতে পারেননি তাসলিমা।

লেখিকা জানিয়েছেন, পাকিস্তানে জঙ্গি মনস্কো কট্টরপন্থী সংগঠন তাহরিক ই লাবাইকের প্রধান খাদিম হোসেন রিজভীর একটি ভিডিও ক্লিপ তাকে পাঠানো হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিরাট জনসমাবেশের সামনে দাঁড়িয়ে রিজভি তার ও সালমান রুশদির সম্পর্কে বিষোদ্গার করছেন। সেখানে বলা হচ্ছে রুশদি ও তাসলিমার বই তার কাছে আছে। পয়গম্বরকে তারা অসম্মান করেছে। বদলা হিসেবে তাদের খুন করা হবে। আর তারপর থেকেই একের পর এক প্রাণনাশের হুমকি আসতে থাকে টুইটারে লেখিকার উদ্দ্যেশ্যে।

তসলিমা জানান, তিনি ইন্টারনেট ঘেঁটে দেখেছেন রিজভি দু’বছর আগে মারা গেছে, অর্থাৎ পরিকল্পনা করে রিজভির পুরনো ভিডিও নিয়ে কট্টরপন্থীদের উত্তেজিত করার কাজ চলছে।

রুশদির পর নিশানা করা হচ্ছে তাকে। এর আগেও বহুবার ফতোয়া পেয়েছেন বিতর্কিত এই লেখিকা। কিন্তু এবারের বিষয়টা চিন্তার কারণ তেহরিক-ই লাবাইক শুধু যে মৌলবাদী সংগঠন তা নয় তারা সন্ত্রাসবাদের সঙ্গেও যুক্ত। প্রতিনিয়ত আইএসের সঙ্গে যোগাযোগ রেখে চলে বলে দাবি করেছেন তাসলিমা। বিষয়টি নিজের নিরাপত্তা রক্ষীদের জানিয়েছেন লেখিকা। তার কথায় কি করবো ভেবে পাচ্ছি না। এখন মাথা কাজ করছে না। শুধু মৌলবাদীদের হুমকিতে ততটা ভয় নেই। কিন্তু আইএসের মতো ভয়ঙ্কর জঙ্গিগোষ্ঠী যেকোনো নিরাপত্তা ভেদ করতে পারে।

স্বাধীনতা দিবসের দিন বাড়ির ছাদে ভারতের জাতীয় পতাকা লাগিয়েছিলেন তাসলিমা।পতাকার ছবিও পোস্ট করেছিলেন। লিখেছিলেন হোম সুইট হোম। কিন্তু এইসব হুমকি আসার পর লেখিকা লিখেছেন, “ছবি ডিলিট করলাম। ওই ছবি দেখে আমার বাড়ি চিনে নেওয়া সম্ভব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *