স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ মার্চ: আজ সকালে হঠাৎই পথ চলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বিদ্যালয়ের পিছনে ইলেকট্রিক পোলে একটি ব্যাগ ঝোলানো রয়েছে। আর তাতে লেখা রয়েছে স্কুল কর্তৃপক্ষ চিঠি পড়ে ৩০ লক্ষ টাকার ব্যবস্থা করে দিতে হবে যদি ব্যবস্থা না করে দেন তাহলে বিদ্যালয় এবং এলাকায় অগ্নি সংযোগ করে দেবেন বলে হুমকি দেয়। যা ঘিরে তৈরি হয়েছে এলাকায় চাঞ্চল্য। শান্তিপুর থানার ফুলিয়ার উমাপুর গোয়ালপাড়া এলাকার ঘটনা।

স্থানীয় বাসিন্দারা ব্যাগের উপরে অংশ পড়ে ব্যাগের ভেতরে খুলে দেখে একটি খামের মধ্যে রয়েছে চিঠি এছাড়াও রয়েছে মেডিকেল রিপোর্ট। কিন্তু মেডিকেল রিপোর্টের নামের জায়গায় রয়েছে ছেঁড়া। যার কারণে বুঝে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা কে বা কারা রাতের অন্ধকারে টাকা চেয়ে ঝুলিয়ে রেখে গিয়েছে ব্যাগ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে নিয়ে গেছে শান্তিপুর থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন।


