“২ মে’র পরে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা কর্মীদের ধরে ধরে জেলে ভরা হবে”, কালিয়াগঞ্জের জনসভায় হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ এপ্রিল: কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভের ড্যামেজ কন্ট্রোল করতে আনা হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ে যোগীর জনসভার মাঠ ভরে যায়। কালিয়াগঞ্জ বিধানসভার কলেজ মাঠে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়েই নির্বাচনী জনসভা সারলেন বিজেপির হাই প্রোফাইল নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বিজেপি প্রার্থী বহিরাগত এই নিয়ে চরম ক্ষোভ চলছিলই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। ফালাকাটার বাসিন্দা সৌমেন রায়কে কালিয়াগঞ্জ বিধানসভায় প্রার্থী করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ক্ষোভ বিক্ষোভ প্রশমন করে দলের কিছু অংশের কর্মীকে নিয়ে প্রচারে নেমেছেন প্রার্থী সৌমেন রায়। বুধবার কালিয়াগঞ্জ কলেজ মাঠে সৌমেন রায়ের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতি তুলে ধরার পাশাপাশি মোদীজির নেতৃত্বে সোনার বাংলা গড়ার ডাক দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনও কয়েকদিন সময় আছে আপনারা শুধরে গিয়ে পদ্ম শিবিরে এসে ভোট করান নইলে ২ মে’র পরে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা কর্মীদের ধরে ধরে জেলে ভরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *